ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঈদকে ঘিরে মহাসড়কে কঠোর নিরাপত্তা, বাড়তি পুলিশ মোতায়েন

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ০৮:৩৮ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে বাংলাদেশ পুলিশ বিশেষ প্রস্তুতি গ্রহণ করেছে। দেশের ব্যস্ত দুই সড়ক ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক জুড়ে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।

শনিবার (১৪ মার্চ) গাজীপুর মহানগরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির এ কথা জানান।

আইজিপি বলেন, ঈদকে সামনে রেখে প্রতিবছরের মতো এবারও রাজধানী ছাড়তে লাখো মানুষ গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হবেন।

ফলে ঢাকা থেকে উত্তরবঙ্গ ও ময়মনসিংহ অঞ্চলের সঙ্গে যোগাযোগের প্রধান এই দুই মহাসড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে যাবে। এ পরিস্থিতিতে যাত্রীদের ভোগান্তি কমানো এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি জানান, ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত চেকপোস্ট স্থাপন এবং নিয়মিত টহল জোরদার করা হবে। দুর্ঘটনা ও যানজট এড়াতে কঠোর নজরদারি চালানো হবে।

আইজিপি আরও বলেন, মহাসড়কে অবৈধ যানবাহনের চলাচল বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি অবৈধ পার্কিং, যত্রতত্র বাস থামানো এবং ফুটপাত ও সড়ক দখল করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টিকারী কর্মকাণ্ডের বিরুদ্ধেও অভিযান চলবে।

যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ টিম মোতায়েন করা হবে এবং গুরুত্বপূর্ণ এলাকায় সার্বক্ষণিক পর্যবেক্ষণ চালানো হবে।

আইজিপি বলেন, মানুষের জীবনের প্রতিটি পর্যায়ে পুলিশের ভূমিকা রয়েছে। দোলনা থেকে কবর পর্যন্ত মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করে যাচ্ছে।

সুধী সমাবেশে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা, পুলিশ সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, প্রশাসনের এই উদ্যোগ বাস্তবায়িত হলে এবারের ঈদযাত্রা আগের তুলনায় অনেকটাই স্বস্তিদায়ক হবে।