× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ০৫:০৭ পিএম

গাজীপুরে পৃথক অভিযানে দুই প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ০৫:০৭ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

গাজীপুর মহানগরের কাশিমপুর এলাকায় ভোক্তা অধিকার লঙ্ঘনের অভিযোগে পরিচালিত পৃথক দুই অভিযানে নিউ জেরিন ট্রেডার্স ও আর এম বি ফুড অ্যান্ড ওয়েল মিলস নামে দুই প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) গাজীপুরের তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, প্রথমে কাশিমপুর থানাধীন ৩ নম্বর ওয়ার্ডের হাতীমারা এলাকায় অবস্থিত এলপিজি সিলিন্ডার গ্যাস ডিলার পয়েন্ট ‘নিউ জেরিন ট্রেডার্স’-এ অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া যায়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০১৮ অনুযায়ী এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরবর্তীতে একই থানার ২ নম্বর ওয়ার্ডের লতিফপুর এলাকায় অবস্থিত ‘আর এম বি ফুড অ্যান্ড ওয়েল মিলস (আদিল ফোর্টিফায়েড সয়াবিন তেল)’-এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি সয়াবিন তেলের বোতলে প্রতি লিটারে প্রায় ১০০ মিলিলিটার কম দিয়ে বাজারজাত করছে, যা সরাসরি ভোক্তা প্রতারণার শামিল। এ অপরাধে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আরও ৫০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

অভিযান চলাকালে উভয় প্রতিষ্ঠানের দায়ীদের কাছ থেকে জরিমানার অর্থ আদায় করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। অন্যথায় আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তাশরিফুল ইসলাম। এ সময় এনএসআই, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

অভিযান শেষে ম্যাজিস্ট্রেট মো. তাশরিফুল ইসলাম সাংবাদিকদের জানান, ‘ভোক্তাদের অধিকার সুরক্ষায় জেলা প্রশাসন বদ্ধপরিকর। ওজন কারচুপি, মজুদদারি এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রির মতো অনিয়মের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কোনো প্রতিষ্ঠানকে ভোক্তা প্রতারণার সুযোগ দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘বাজার ব্যবস্থায় স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করতে নিয়মিত তদারকি কার্যক্রম জোরদার করা হয়েছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

স্থানীয় সচেতন মহল এ ধরনের অভিযানের প্রশংসা করে বলেন, ‘বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।’

Link copied!