ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গাজীপুরে ডাকাতের হামলায় গৃহবধূ নিহত

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০১:২২ পিএম
নিহতের বাড়িতে স্থানীয়দের ভিড়। ছবি : রূপালী বাংলাদেশ

গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের পিরুজালী মধ্যপাড়া গ্রামে গভীর রাতে ডাকাতদলের হামলায় আছমা আক্তার (৫৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় বাড়ির অন্য সদস্যদের মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

নিহত আছমা আক্তার ওই গ্রামের মো. আনিছুর রহমানের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ মার্চ) রাত ২টার দিকে ৮-১০ জনের একটি সশস্ত্র ডাকাতদল বাড়িতে হানা দেয়। তাদের মুখ কাপড়ে ঢাকা এবং হাতে ধারালো অস্ত্র ছিল। ডাকাতরা ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে জিম্মি করে ফেলে।

নিহতের পুত্রবধূ আরিফা আক্তার জানান, শাশুড়ির চিৎকার শুনে ঘুম ভেঙে গেলে দৌড়ে গিয়ে দেখেন ডাকাতরা ঘরে ঢুকে পড়েছে। এ সময় ডাকাতরা তাকে বেঁধে ফেলে এবং শাশুড়ি বাধা দিলে তার গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে খাটের সঙ্গে বেঁধে রাখে। পরে ডাকাতরা ঘরে থাকা নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। মারধরের একপর্যায়ে তিনি জ্ঞান হারান।

নিহতের ছেলে মো. নাজমুল সাকিব জানান, তিনি রাতে কর্মস্থলে ছিলেন। সকালে বাড়িতে ফিরে মায়ের মরদেহ দেখতে পান। স্ত্রীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্ত্রীকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে জ্ঞান ফিরলে পুরো ঘটনার বিবরণ জানা যায়।

নিহতের স্বামী আনিছুর রহমান বলেন, খবর পেয়ে বাড়িতে এসে দেখেন স্ত্রীকে হত্যা করা হয়েছে। পুত্রবধূকে বেঁধে রাখা হয়েছে। ডাকাতরা ঘরে থাকা প্রায় সাড়ে তিন লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

এ বিষয়ে জয়দেবপুর থানার পরিদর্শক (অপারেশন) নয়ন কুমার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।