গাজীপুরের মৌচাক এলাকায় ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে মৌচাক ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ তার অনুসারীদের নিয়ে হোপ লোন ইন্টিমেট লিমিটেড কারখানা থেকে ঝুট বের করতে যান। এ সময় ছাত্রদল নেতা ফরহাদ হোসেন তার সমর্থকদের নিয়ে বাধা দিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষ চলাকালে কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।
মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামীম আক্তার জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন