ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

‘ব্রি’ তে ডিজি নিয়োগে তীব্র সংঘাত; মুখোমুখি অবস্থান

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
প্রকাশিত: মে ৪, ২০২৬, ০২:০০ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

গাজীপুরের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এ নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা বিরাজ করছে। নিয়োগের পরপরই এক পক্ষ তা বাতিলের দাবিতে বিক্ষোভ শুরু করলে অপর পক্ষ নিয়োগকে বৈধ দাবি করে পাল্টা অবস্থান কর্মসূচি পালন করছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রতিষ্ঠানের বিভিন্ন কক্ষে তালা ঝুলিয়ে কর্মবিরতিও পালন করা হচ্ছে।

সোমবার (৪ মে) সকাল থেকে ইনস্টিটিউট প্রাঙ্গণে দুই পক্ষ ব্যানার ও সমর্থক নিয়ে মহাপরিচালকের কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এ সময় তারা পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকে।

বিক্ষোভরত একটি অংশ অভিযোগ করে, সদ্য নিয়োগপ্রাপ্ত ডিজি অতীতে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং তাকে নিয়োগ দেওয়ায় প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।

ব্রি বিজ্ঞানী সমিতির সহ-সভাপতি ড. এবিএম আনোয়ার উদ্দিন বলেন, সম্প্রতি নিয়োগপ্রাপ্ত ডিজি পূর্ববর্তী সরকারের সময়ে নানা সুবিধা গ্রহণ করেছেন এবং তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। এমন একজনকে গুরুত্বপূর্ণ এ পদে বসানো হলে গবেষণার পরিবেশ ব্যাহত হবে।

একই সমিতির সাধারণ সম্পাদক ড. হাবিবুর রহমান মুকুল জানান, এটি কোনো ব্যক্তিগত বিরোধ নয়; বরং প্রতিষ্ঠানকে সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থেই তারা এই অবস্থান নিয়েছেন।

তিনি বলেন, বিতর্কিত ব্যক্তিকে ডিজি হিসেবে নিয়োগ দেওয়ায় বিজ্ঞানী ও শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে।

আন্দোলনকারীরা জানান, এই নিয়োগ বাতিল না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে এবং নতুন নিয়োগপ্রাপ্ত ডিজিকে ইনস্টিটিউটে প্রবেশ করতে দেওয়া হবে না।

অন্যদিকে, নতুন ডিজির সমর্থনে অবস্থান নেওয়া আরেকটি পক্ষ বলছে, দীর্ঘদিন ডিজি না থাকায় প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছিল এবং কর্মচারীরা বেতন-ভাতাসহ বিভিন্ন সমস্যায় পড়ছিলেন। মন্ত্রণালয় থেকে নিয়ম অনুযায়ী নতুন ডিজি নিয়োগ দেওয়ায় তারা তাকে স্বাগত জানাতে অবস্থান নিয়েছেন।

বর্তমানে দুই পক্ষের মুখোমুখি অবস্থানের কারণে প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।