গাজীপুরে পুলিশ বক্সে ঢুকে স্টার নিউজের গাজীপুর প্রতিনিধির উপর হামলার ঘটনা ঘটেছে। আহত অবস্থায় তাকে হাসপাতাল ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
জানা যায়, ঈদে ছুটি কাটিয়ে লোকজন কর্মস্থলে ফেরার সংবাদ সংগ্রহ করছিলেন সাংবাদিক হোসাইন আলী বাবু। তিনি লাইভ সম্প্রচার শেষ করে চান্দনা চৌরাস্তায় পুলিশ বক্সে বসে কাজ করার সময় অতর্কিত হামলা চালায় এক যুবক। তার চিৎকারে এক পুলিশ সদস্য এগিয়ে এসে তাকে উদ্ধার করে।
এসময় উপস্থিত লোকজন হামলাকারীকে আটক করে পুলিশে সোপর্দ করে। হামলাকারী যুবকের নাম মোহাম্মদ জুয়েল। সে চান্দনা চৌরাস্তার চিহ্নিত ছিনতাইকারী।
নাম প্রকাশ না করার শর্তে চৌরাস্তার একাধিক ভাসমান দোকানদার জানান, জুয়েল ছিনতাইকারী।
ভুক্তভোগী সাংবাদিক হোসাইন আলী বাবু জানান, তিনি সকাল থেকেই চৌরাস্তায় কাজ করছিলেন। হামলাকারী বেশ কয়েকবার এসে তার নাম জিজ্ঞেস করেছিল। কিন্তু লাইভ নিয়ে ব্যস্ত থাকায় তিনি তার সাথে কথা বলতে পারেননি। পরবর্তীতে তিনি যখন পুলিশ বক্সে বসে অফিসের কাজ করছিলেন তখন লোকটি এসে হঠাৎ করেই তার ওপর হামলা চালায়। তিনি হামলাকারীরকে আগে কোনোদিন দেখেননি। তার সাথে কোন পরিচয়ও নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, গাজীপুর চৌরাস্তায় অসংখ্য মাদকসেবি ও ছিনতাইকারী থাকে। তারা নৃশংস এই হামলার সাথে জড়িত থাকতে পারে। কারণ গাজীপুর চৌরাস্তায় কোন সাংবাদিক আসলেই তাদের কাজে বাধা দেওয়ার চেষ্টা করে এই অপরাধীরা। প্রকাশ্যে পুলিশ বক্সে ঢুকে সাংবাদিকের উপর হামলার ঘটনায় তিনি তীব্র নিন্দা জানান।

