× UCB Sticker Card
শুক্রবার, ১২ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক গাজীপুর

প্রকাশিত: জুন ১২, ২০২৬, ১০:০৮ পিএম

বাউবিতে নতুন দুই প্রো-ভিসির যোগদান

নিজস্ব প্রতিবেদক গাজীপুর

প্রকাশিত: জুন ১২, ২০২৬, ১০:০৮ পিএম

অধ্যাপক ড. আনিসুর রহমান এবং অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম। ছবি : রূপালী বাংলাদেশ

অধ্যাপক ড. আনিসুর রহমান এবং অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম। ছবি : রূপালী বাংলাদেশ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) নতুন দুই প্রো-উপাচার্য (প্রো-ভিসি) হিসেবে যোগদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক ড. আনিসুর রহমান এবং অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম।

শুক্রবার (১২ জুন) তারা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

নতুন প্রো-ভিসিদের মধ্যে অধ্যাপক ড. আনিসুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক। তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে বি.কম (সম্মান) ও এম.কম (মার্কেটিং) পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। ১৯৯৮ সালে ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিন দশকেরও বেশি সময় ধরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন।

কর্মজীবনে তিনি মার্কেটিং বিভাগের চেয়ারম্যান, ইএমবিএ প্রোগ্রামের পরিচালক এবং সার্জেন্ট জহুরুল হক হলের হাউস টিউটরসহ বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। শিক্ষা ও গবেষণার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া, কানাডা, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে আন্তর্জাতিক সম্মেলন, সেমিনার এবং সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করেন। তার একাধিক গবেষণা গ্রন্থ ও অসংখ্য গবেষণা প্রবন্ধ দেশি-বিদেশি জার্নালে প্রকাশিত হয়েছে। পাশাপাশি বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান, এনজিও ও গবেষণা সংস্থার অর্থনৈতিক ও মার্কেটিং পরামর্শক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

অপরদিকে, অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর জাপানের হোক্কাইদো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ও পোস্ট-ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন। এছাড়া তিনি তাইওয়ানের ন্যাশনাল চিয়াও তুং বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

উন্মুক্ত ও দূরশিক্ষণ পদ্ধতির ওপর থাইল্যান্ডের সুখোথাই থাম্মাথিরাত ওপেন ইউনিভার্সিটি এবং ভারতের ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি (ইগনু) থেকে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন তিনি। পাশাপাশি আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এমএড এবং নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে বিএড ডিগ্রি অর্জন করেন।

২০০৬ সাল থেকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে শিক্ষকতা ও গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন। বর্তমানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক প্ল্যানিং কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাউবিতে মডিউলার পদ্ধতিতে পাঠ্যপুস্তক রচনা, দূরশিক্ষণ কার্যক্রমের স্ক্রিপ্ট প্রণয়ন এবং পরীক্ষা ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

এছাড়া ইউনিসেফ বাংলাদেশ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের বিভিন্ন শিক্ষা উন্নয়ন প্রকল্পে ‘কী এক্সপার্ট’ ও পরামর্শক হিসেবে কাজ করেছেন তিনি। দেশি-বিদেশি স্বনামধন্য জার্নালে তার অসংখ্য গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। সর্বশেষ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মহসিন হলের প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার পাশাপাশি ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২-এর ১৪(১) ধারা অনুযায়ী আগামী চার বছরের জন্য তাদের এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। গত ১১ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে এই নিয়োগ প্রদান করা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!