ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

কাপাসিয়ায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন সহস্রাধিক মানুষ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ০৯:১৬ পিএম
ছবি : সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের কপালেশ্বর উচ্চবিদ্যালয় মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ জুলাই) আয়োজিত এ ক্যাম্পে টানা বৃষ্টিকে উপেক্ষা করে সহস্রাধিক অসহায়, দরিদ্র ও সাধারণ মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া-২০২৬ উপলক্ষে ৫ থেকে ১৪ জুলাই পর্যন্ত কাপাসিয়ায় চলমান ১০ দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে জনকল্যাণমূলক এ উদ্যোগ নেওয়া হয়। স্থানীয় জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সেনাবাহিনীর সদর দপ্তরের লজিস্টিকস এরিয়া এবং স্টেশন সদর দপ্তর, রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের ব্যবস্থাপনায় ক্যাম্পটি পরিচালিত হয়।

মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন জিওসি মেজর জেনারেল কামরুল হাসান, রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের এরিয়া কমান্ডার ব্রিগেডিয়ার নাসির উদ্দিন, স্টেশন কমান্ডারসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাঁরা চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেন এবং সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, ক্যাম্পে প্রায় এক হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। গাইনি, সার্জারি, মেডিসিন ও শিশুরোগসহ বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ ও ব্যবস্থাপত্র প্রদান করেন। প্রেসক্রিপশন অনুযায়ী বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়।

এ ছাড়া জটিল রোগে আক্রান্ত রোগীদের প্রয়োজন অনুযায়ী সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), রাজেন্দ্রপুরে উন্নত চিকিৎসার জন্য রেফার করার ব্যবস্থাও রাখা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয় বাসিন্দারা জানান, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও বিনামূল্যে ওষুধ পেয়ে তাঁরা উপকৃত হয়েছেন। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানান তাঁরা।

সেনাবাহিনীর কর্মকর্তারা বলেন, দেশের জনগণের পাশে থেকে মানবিক ও সামাজিক দায়িত্ব পালনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় অঙ্গীকারবদ্ধ। সামরিক প্রশিক্ষণের পাশাপাশি জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।