গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন বরইহাট সিদ্দিকিয়া সিনিয়র আলিম মাদ্রাসায় দুটি পদে বিতর্কিত নিয়োগের বিষয়টি প্রকাশ্যে আসার পর প্রতিবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট করায় মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুর রহমান বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন।
কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বরইহাট মাদ্রাসায় নিয়োগ দুর্নীতির অভিযোগ নিয়ে এক যুবক ধারাবাহিকভাবে ফেসবুকে পোস্ট করেন। পরে ৮ জানুয়ারি অধ্যক্ষ মাহমুদুর রহমান বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসায় আইসিটি ল্যাব না থাকলেও ল্যাব সহকারী পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া গভর্নিং বডির সভার রেজল্যুশনে জালিয়াতি করে সদস্যদের স্বাক্ষর নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন কমিটির একাধিক সদস্য।
নিয়োগ কার্যক্রমে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতা, মাদ্রাসার অধ্যক্ষ ও কমিটির সভাপতি জড়িত ছিলেন। তারা এলাকাবাসীকে জানাচ্ছেন, ডিজির প্রতিনিধির অনুরোধে নিয়োগ দেওয়া হয়েছে।
বরইহাট গ্রামের শিক্ষক আমিমুল এহসান এই নিয়োগ নিয়ে ফেসবুকে প্রতিবাদমূলক পোস্ট করেন। তার এই পোস্টের জের ধরে অধ্যক্ষ তাকে বিভিন্ন মাধ্যমে পোস্ট না করার জন্য নিষেধ করেন। তবে নিষেধ না মানায় অধ্যক্ষ তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন