ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গোপালগঞ্জে বিএনপির বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ০৪:২০ পিএম
বিএনপির বিদ্রোহী প্রার্থী এম সিরাজুল ইসলাম সিরাজ।

গোপালগঞ্জ-০২ (গোপালগঞ্জ-কাশিয়ানির একাংশ) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী, জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিগত তিনবারের প্রার্থী এম সিরাজুল ইসলাম সিরাজের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে শুনানি শেষে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

এর আগে, গত ৩ জানুয়ারি গোপালগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান এম সিরাজুল ইসলাম সিরাজের মনোনয়নপত্র বাতিল করেছিলেন। তার পক্ষে ওয়ান পার্সেন্ট ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরে জটিলতার কারণে মনোনয়নপত্রটি বাতিল করা হয়।

তবে বিদ্রোহী প্রার্থী এম সিরাজুল ইসলাম সিরাজ এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন। কমিশন তার আপিল গ্রহণ করে এবং শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন বলে প্রার্থী নিজেই তার প্রার্থিতার বৈধতার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে সিরাজুল ইসলাম সিরাজ তার প্রতিক্রিয়ায় বলেন, ‘নির্বাচন কমিশন আমাকে বৈধ ঘোষণা করেছেন, যা আমাকে আরও উজ্জীবিত করেছে। জেলা রিটার্নিং কর্মকর্তা যে কারণ দেখিয়ে আমার মনোনয়ন বাতিল করেছিলেন, নির্বাচন কমিশন তা বৈধতা দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘আমি জনগণের কাছে বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য। আশা করি, আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়লাভ করব।’