ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০২:৪৬ পিএম
সদর থানা, গোপালগঞ্জ। ছবি : রূপালী বাংলাদেশ

গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ইখলাস খাঁ (৩০) নামের এক পথচারী নিহত হয়েছেন। এতে আরও দুজন আহত হয়েছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) ভোররাত ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ইখলাস খাঁ গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রাম এলাকার মমরেজ খাঁর ছেলে। আহতরা হলেন কাশিয়ানী উপজেলার যদুপুর গ্রামের আমজাদ কাজীর ছেলে মোটরসাইকেল চালক আব্দুল্লাহ কাজী (১৮) এবং একই গ্রামের নসু কাজীর ছেলে আরোহী ইসানুর কাজী (১৬)।

ওসি মো. আনিসুর রহমান জানান, গোপালগঞ্জ সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকায় গোপালগঞ্জ-টেকেরহাট সড়ক পার হচ্ছিলেন ইখলাস খাঁ। এ সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল পথচারী ইখলাসকে ধাক্কা দেয়। এতে পথচারী ইখলাস খাঁ, মোটরসাইকেল চালক আব্দুল্লাহ কাজী ও আরোহী ইসানুল কাজী আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে ইখলাস খাঁর অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

পরে সোমবার ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইখলাস খাঁ মারা যান। গুরুতর আহত মোটরসাইকেলচালক আব্দুল্লাহ কাজীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও আরোহী ইসানুর কাজীকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।