ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ১২:২১ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় প্রায় দুই ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ থাকে, যার কারণে প্রায় ৩০০টি যানবাহন আটকা পড়ে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার চন্দ্রদীঘলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, একটি ঢাকামুখী ট্রাক ঘটনাস্থলে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস রং সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করলে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এতে ট্রাক ও বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ সময় উভয় যানবাহনের ১৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

দুর্ঘটনার কারণে ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। যার ফলে দুই পাশে প্রায় ৩০০ যানবাহন আটকা পড়ে। আড়াই ঘণ্টার মধ্যে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যান সরিয়ে আনার পর যান চলাচল স্বাভাবিক হয়।