গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় পেট্রোল পাম্প থেকে ১০০ টাকা দরে ডিজেল কিনে ১৫০ টাকা দরে বিক্রি করার অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে ব্যবসায়ী সোহাগ শেখকে ৬ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আজ দুপুরে টুঙ্গিপাড়ার পাটগাতী বাজার থেকে ২০০ লিটার ডিজেল কিনে ভ্যানে করে কোটালীপাড়ার দিকে যাচ্ছিলেন দুই যুবক। পথে উপজেলার বালাডাঙ্গা ব্রিজ এলাকায় পৌঁছালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) সদস্যরা তাদের ভ্যান থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন।
জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করেন, প্রতি লিটার ডিজেল ১৫০ টাকা করে কেনা হয়েছে। পরে বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানানো হলে তেলবাহী ভ্যানসহ সোহাগ শেখকে উপজেলা কার্যালয়ে তলব করা হয়।
সোহাগ শেখ জানান, পেট্রোল পাম্পে লাইনে দাঁড়িয়ে বিভিন্ন ব্যক্তির মাধ্যমে তিনি প্রতি লিটার ১০০ টাকা দরে মোট ২০০ লিটার ডিজেল সংগ্রহ করেন এবং পরে তা ১৫০ টাকা দরে বিক্রি করেন।
এ অপরাধে পেট্রোলিয়াম আইনে তাকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার শর্তে তাকে সতর্ক করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন