হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ছোট ভাকৈর গ্রামের হওলাঘর হাওরে বুধবার (১ এপ্রিল) সকালে বজ্রপাতে ফরাছ মিয়া (৪৫) নামের এক ব্যক্তি নিহত এবং অপর তিন ব্যক্তি আহত হয়েছেন।
আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত ফরাছ মিয়া ওই গ্রামের আব্দুল মতলিবের ছেলে।
স্থানীয়রা জানান, উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের ছোট ভাকৈর গ্রামের আব্দুল মতলিবের ছেলে ফরাছ মিয়া (৪৫), শফিক উল্লার ছেলে শামসুল মিয়া, তোতা মিয়ার ছেলে জাহেদ মিয়া ও হাফিজুল মিয়াসহ ৫-৬ জন লোক বুধবার সকালে স্থানীয় হওলাঘর হাওরে গরুর ঘাস কাটতে যায়। কেউ যায় হাঁস রাখতে। এ সময় বৃষ্টিপাত হলে হঠাৎ ওই হাওরের ওপর বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ফরাছ মিয়া (৪৫) নিহত হন। অপর তিনজন আহত হয়।
গুরুতর আহত শামসুল মিয়া, জাহেদ মিয়া ও হাফিজুল মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। নিহতের বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার ওসি মোনায়েম মিয়া।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন