হবিগঞ্জের মাধবপুরে সরকার নির্ধারিত মূল্যে হারভেস্টার মেশিনে ধান কাটতে পারছে না কৃষক। অতিবৃষ্টি ও শিলাবৃষ্টির ভয়ে অধিক মূল্যে বাধ্য হয়ে ধান কাটতে হচ্ছে তাদের। বুধবার (২২ এপ্রিল) উপজেলার চৌমুহনী ইউনিয়নের সাতপাড়া মাঠে একটি হারভেস্টার মেশিন প্রবেশ করে।
মেশিন মালিক উপজেলার চৌমুহনী ইউনিয়নের বরুড়া গ্রামের আলিমুদ্দিনের ছেলে মিশুক মিয়া (৫০) প্রতি শতক জমির ধান কাটা বাবদ ৯০ টাকা করে আদায় করছেন। কৃষকরা নিরুপায় হয়ে অতিবৃষ্টি ও শিলা বৃষ্টি থেকে বাঁচতে উচ্চ মূল্যে ধান কাটতে বাধ্য হচ্ছেন।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা জানান, গত সমন্বয় মিটিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ হারভেস্টার মালিকদেরকে ৬০ টাকা শতাংশ প্রতি বিঘা (৩৩ শতাংশ) ২০০০ টাকা মূল্য নির্ধারণ করে দেয়া হয়েছে। সে বেশি নিতে পারবে না।
এরপর অতিরিক্ত টাকা নেওয়া হারভেস্টার মেশিনের মালিকের সঙ্গে কথা বলেন কৃষি অফিসার। এরপরও হারভেস্টার মেশিন মালিক মিশুক মিয়া সবার কাছ থেকে ৯০ টাকা শতক করে আদায় করেছেন বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে সাতপাড়া গ্রামের কৃষক শফিকুল ইসলাম অভিযোগ করেন, আশি শতক জমির ধান কাটিয়েছেন। তবে প্রতি শতাংশের জন্য ৯০ টাকা করে দিয়েছেন তিনি। তাজুল ইসলাম ও নারি উদ্দিন নামে আরেক কৃষকও একি অভিযোগ করেন।
বিষয়টির উপরে লিখিত অভিযোগ এবং প্রমাণ পেলে অবশ্যই ব্যবস্থা নেবেন বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা।

