হবিগঞ্জে প্রায় দুই কোটি টাকা মূল্যের ভারতীয় গলদা চিংড়ির রেণু পোনা জব্দ করে খোয়াই নদীতে অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) পরিবেশ ও জলজ সম্পদ সংরক্ষণের স্বার্থে হবিগঞ্জ জেলা মৎস্য অধিদপ্তরের প্রতিনিধিদের মাধ্যমে জব্দকৃত রেনু পোনাগুলো খোয়াই নদীতে অবমুক্ত করা হয়।
জানা যায়, মঙ্গলবার (১২ মে) হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলাধীন মুক্তিযোদ্ধা চত্বর সংলগ্ন এলাকায় কৌশলগত অবস্থান নেয়। আনুমানিক সকাল সাতটার দিকে সন্দেহভাজন দুইটি হাইস মাইক্রোবাস ও একটি ট্রাক মহাসড়ক দিয়ে অতিক্রমকালে বিজিবি টহলদল সংকেত দিয়ে গাড়িগুলো থামিয়ে তল্লাশি চালায়।
তল্লাশিকালে গাড়িগুলোর অভ্যন্তরে ককসিটের কার্টনের মধ্যে অত্যন্ত অভিনব কৌশলে রাখা ভারতীয় গলদা চিংড়ি মাছের রেনু পোনা উদ্ধার করা হয়, যা অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আনা হচ্ছিল। জব্দকৃত রেনু পোনাগুলোর বৈধ কোনো কাগজপত্র না থাকায় তাৎক্ষণিকভাবে তা জব্দ করা হয়।
এ বিষয়ে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে চোরাইপথে আনা এসব পণ্য দেশের অর্থনীতি, পরিবেশ ও স্থানীয় মৎস্য সম্পদের জন্য হুমকিস্বরূপ। চোরাচালান দমন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দেশের অর্থনৈতিক স্বার্থ সংরক্ষণে বিজিবির এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন