ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সুখবর পেলেন সাবেক মেয়র ও বিএনপি নেতা মতিন

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ০১:০১ পিএম
ফখরুজ্জামান মতিন। ছবি : সংগৃহীত

জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখরুজ্জামান মতিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ফখরুজ্জামান মতিন নিজেই। এর আগে রোববার বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

জানা গেছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে অংশ নেওয়ায় তৎকালীন উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুজ্জামান মতিন দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি বিএনপির সাধারণ প্রাথমিক পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখরুজ্জামান মতিন বলেন, ‘আমি শহীদ জিয়ার আদর্শের সৈনিক। দল আমার বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ত্রয়োদশ নির্বাচনে জামালপুর-১ আসনে বিএনপি প্রার্থীর জয় নিশ্চিত করে এর প্রতিদান দিতে চাই।’

উল্লেখ্য, ২০২৪ সালের ৯ মার্চ অনুষ্ঠিত বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে অংশ নিয়ে নারিকেলগাছ প্রতীকে ৮ হাজার ৫৪২ ভোট পেয়ে মেয়র পদে নির্বাচিত হন মো. ফখরুজ্জামান মতিন।