জামালপুরের দেওয়ানগঞ্জে তিন দিন আগে নিখোঁজ হওয়া অটোচালক আপেল মিয়ার (২৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৫ জানুয়ারি) সকালে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের মদনের চর এলাকার একটি আখখেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আপেল মদনের চর গ্রামের ফতুর আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মনসুর আহাম্মদ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ জানুয়ারি রাতে প্রতিবেশী যুবক রিপনের ডাকে অটো নিয়ে বের হন আপেল। সেদিন থেকে তিনি নিখোঁজ ছিলেন। রোববার আপেলের বাড়ি থেকে প্রায় অর্ধকিলোমিটার দূরে একটি আখখেতে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
আপেলের মা আনোয়ারা বেগম জানান, ‘২২ তারিখ রাতে প্রতিবেশী আবদুল্লাহর ছেলে রিপন ভাড়া আছে বলে বাড়ি থেকে আপেলকে অটোসহ ডেকে নেয়। এরপর থেকেই তার কোনো খোঁজ মেলেনি। আজ ছেলের লাশ আখখেতে পাওয়া গেছে। এ পর্যন্ত অটোর হদিস পাওয়া যায়নি।’
আপেলের বাবা ফতুর আলী বলেন, ‘আমার ছেলের সঙ্গে কারো কোনো শত্রুতা ছিল না। এমন ঘটনার ফলে বাকরুদ্ধ হয়ে গেছি। তার ছোট দুই সন্তান এতিম হয়ে গেছে। আমি এ ঘটনার ন্যায্য বিচার চাই।’
দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মনসুর আহাম্মদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে আপেলের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ চলমান রয়েছে।’



