জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়ন যুবদলের সাবেক সহসভাপতি লিটন মিয়ার বাড়িতে দুর্বৃত্তরা পেট্রোল বোমা ও ককটেলসদৃশ বস্তু নিক্ষেপ করেছে।
রোববার (২৫ জানুয়ারি) গভীর রাত আড়াইটার দিকে উপজেলার চাপারকোনা পূর্বচর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
লিটন মিয়া জানান, গভীর রাতে একদল দুর্বৃত্ত তার ঘরের দেয়াল লক্ষ্য করে পেপসির বোতলে ভরা পেট্রোল ও লাল স্কচটেপে মোড়ানো ককটেলসদৃশ বস্তু নিক্ষেপ করে। এতে আগুন ধরে যায়।
একই সময় দুর্বৃত্তরা তার ছোট ভাই মিজানুর রহমানের টিনের ঘরে এলোপাতাড়ি কুপিয়ে ভাঙচুর চালিয়ে পালিয়ে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি।
স্থানীয়রা ধারণা করছেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হতে পারে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ওসি বাচ্চু মিয়া বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সকালে আমিও সেখানে যাব। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


