ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নির্বাচনে নিরাপত্তা দিতে যৌথ বাহিনীর টহল শুরু

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৩:১৭ পিএম
সেনা সদস্যদের মহড়া। ছবি : রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুরে ভোটগ্রহণকে সুষ্ঠু ও নিরাপদ রাখতে যৌথ বাহিনীর নির্বাচনি টহল শুরু হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুর আউটার স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে যৌথ টহলের যাত্রা শুরু হয়। এতে বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।

জামালপুর সেনাক্যাম্পের কমান্ডার মেজর ইমরান জানান, ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে লক্ষ্যে সেনাবাহিনী নির্বাচনি এলাকায় টহল দিচ্ছে।

তিনি আরও জানান, সেনাবাহিনীর সদস্যদের বিভিন্ন দলে ভাগ করা হয়েছে এবং প্রত্যেক দলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

মেজর ইমরান বলেন, নির্বাচনে বিশৃঙ্খলা এড়াতে সেনাবাহিনী নিয়মিত বাহিনী হিসেবে যেকোনো পরিস্থিতির মোকাবিলা করবে। জেলার চারটি সংসদীয় আসনে সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনীর মোট ৬০০ সদস্য দায়িত্বে থাকবেন।

সূত্রমতে, যৌথ টহল সম্ভাব্য নাশকতা প্রতিরোধ, জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ এবং সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।