জামালপুরের বকশীগঞ্জে ইয়াবাসহ স্থানীয় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত নেতার নাম মো. নাজমুল হাসান। তিনি বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
শনিবার (১১ এপ্রিল) জেলা স্বেচ্ছাসেবক দল বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে। সংগঠনটি জানায়, মাদকের বিষয়ে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কোনো ধরনের ছাড় না দেওয়ার নীতির অংশ হিসেবেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল মোমিন আকন্দ কাওসার বিষয়টি নিশ্চিত করে বলেন, নাজমুল হাসান মাদকের সঙ্গে জড়িত থাকায় তাকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১০ এপ্রিল) রাতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) গোপন সংবাদের ভিত্তিতে মেরুরচর ইউনিয়নের মাইছেনির চর এলাকায় অভিযান চালায়। এ সময় নাজমুল হাসানের বাসার সামনে থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
দলীয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নাজমুল হাসানের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংগঠনবিরোধী কার্যকলাপ এবং মাদক ব্যবসার অভিযোগ প্রমাণিত হয়েছে। এ কারণে তাকে সব পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভবিষ্যতে তিনি কোনো দলীয় কার্যক্রমে অংশ নিতে পারবেন না এবং দলীয় পরিচয়ও ব্যবহার করতে পারবেন না।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন