জামালপুরে প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় এক আসামিকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত আসামি হলেন- জেলার ইসলামপুর উপজেলার মৃত সাগর আলী আকন্দের ছেলে মো. সাইদুর রহমান ওরফে আবু সাইদ আকন্দ (৪০)।
জানা যায়, বুধবার (২৯ এপ্রিল) দুপুরে সি.আর. মামলা নং-২২৫(১)/২৫-এর বিচারকার্য শেষে জামালপুরের চিপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শরিফুল হক এ রায় ঘোষণা করেন। মামলায় ৫ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়।
রায়ে আদালত তাকে পেনাল কোড ১৮৬০-এর ৪২০ ধারায় ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ ছাড়া একই আইনের ৪০৬ ধারায় তাকে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মামলায় বাদীর পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম। তবে রায় ঘোষণার সময় আসামিপক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন