ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পার্কে শিশুকে ধর্ষণচেষ্টা, প্রহরী গ্রেপ্তার

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত: মে ৯, ২০২৬, ০২:৫৯ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

জামালপুরের দেওয়ানগঞ্জে তিন বছর বয়সি এক শিশুকন্যাকে পার্কের ভেতর ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুল খালেক (৪৫) নামে পার্কের নৈশপ্রহরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৮ মে) রাতে পৌর শহরের চর কালিকাপুর এলাকায় দূর্গা বাগানবাড়ি পার্ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (৯ মে) তাকে আদালতে পাঠানো হয়েছে।

অভিযুক্ত আবদুল খালেক পৌর শহরের চর কালিকাপুর এলাকার বাচ্চু মিয়ার ছেলে। তিনি দূর্গা বাগানবাড়ি পার্কের নৈশপ্রহরী। এ ঘটনায় ভুক্তভোগী ওই শিশুর মা বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই শিশুর বয়স তিন বছর। গতকাল দুপুরে শিশুটি খেলার ছলে ওই পার্কে যায়। এ সময় অভিযুক্ত খালেক তাকে পার্কের রান্নাঘরে নিয়ে ধর্ষণ চেষ্টা করে।

শিশুটি বাসায় গিয়ে জানালে সেদিন রাতে অভিযুক্ত আব্দুল খালেকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা করেন তার মা। পরে পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত খালেককে গ্রেপ্তার করে।

ভুক্তভোগী ওই শিশুর মা জানান, ওই পার্কের সামনে আমার বাড়ি। শুক্রবার আমার মেয়ে দূর্গা বাগানবাড়ি নামের ওই পার্কে খেলতে যায়। পার্ক থেকে ফিরে কান্নাকাটি করছিল।

কান্নার কারণ জানতে চাইলে সে জানায়, পার্কের নৈশপ্রহরী খালেক পার্কের রান্নাঘরে ডেকে নিয়ে খারাপ কাজ করার চেষ্টা করে। আশপাশের লোকজন বিষয়টি টের পেলে খালেক পালিয়ে যায়। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, তিন বছর বয়সি শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আবদুল খালেক নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে মামলা করেছেন। আসামিকে আজ আদালতে পাঠানো হয়েছে।