বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন ২৪ জন বাংলাদেশি নারী-পুরুষ ও শিশু। এদের মধ্যে রয়েছেন ৫ জন নারী, ৩ জন শিশু ও ১৬ জন পুরুষ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ফেরত আসাদের মধ্যে রয়েছেন- সোনিয়া বেগম, পারভীন খাতুন, লাবনী আক্তার সুমাইয়া, ফাহিমা খাতুন, জুবাইদা খাতুন, বকুল বেগম, জবেদা বেগম, কুলসুম আক্তার, রিয়াজ তালুকদার, জুবাইয়ের আসলাম, পারভেজ, ইউসুফ খান, ইয়ামিন, সুজন সর্দার, ইলিয়াছ খান, আব্দুল সালাম হাওলাদার, মুকুল, ইব্রাহিম হাওলাদার, ফজলু হাওলাদার, মারুফ হাওলাদার, মিজানুর রহমান হাওলাদার, কাইয়ুম মিয়া, জাফর আহমেদ ও ইয়াসিন তালুকদার।
তারা নড়াইল, বাগেরহাট, বরিশাল, পিরোজপুর, খুলনা ও রংপুর জেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। এদের মধ্যে অধিকাংশই স্বামী-স্ত্রী ও সন্তানসহ ছিলেন।
ফেরত আসা সোনিয়া বেগম জানান, প্রায় তিন বছর আগে ভালো কাজের আশায় দালালদের মাধ্যমে তারা ভারতে যান। পরে সেদেশের পুলিশের হাতে আটক হয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
সেখানে প্রায় এক বছর সাজা ভোগের পর ভারতের একটি বেসরকারি এনজিও সংস্থা তাদের জামিনে ছাড়িয়ে নিজস্ব শেল্টার হোমে রাখে।
পরে দুই দেশের উচ্চপর্যায়ের যোগাযোগের মাধ্যমে বৃহস্পতিবার ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফিরতে সক্ষম হন। তারা ভারতের তামিলনাড়ু রাজ্যের সালেম জেলার আত্তুর এলাকার একটি শেল্টার হোমে ছিলেন।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি এস এম সাখাওয়াত হোসেন বলেন, ফেরত আসা বাংলাদেশিরা ভালো কাজের আশায় বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে গিয়ে আটক হন। পরে আদালতের মাধ্যমে প্রায় এক বছর কারাভোগ শেষে তারা বেনাপোল দিয়ে দেশে ফেরেন। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, থানার আনুষ্ঠানিক কার্যক্রম শেষে তাদের বেসরকারি এনজিও সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ এর কাছে হস্তান্তর করা হয়েছে।
বেসরকারি সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ এর এরিয়া কো-অর্ডিনেটর শফিকুর রহমান জানান, ফেরত আসাদের যশোরে তাদের নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। পরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন