যশোরে বাসাবাড়ির আসবাবপত্র ও মালামাল ভর্তি একটি পিকআপ থেকে ৪৫ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় দুই জনকে আটক করা হয়।
সোমবার (২২ ডিসেম্বর) খয়েরতলা ট্রাস্ট ফিলিং স্টেশনের সামনে ডিবি পুলিশ অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করে।
আটকরা হলেন, কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্ত এলাকার আড়িয়ারকুঠি গুছিডাঙা গ্রামের আব্দুল হাই মণ্ডলের ছেলে ফরিদুল ইসলাম এবং আরিফ হোসেনের ছেলে দুলাল হোসেন।
জানা গেছে, ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বেলা ১০টার দিকে রেলস্টেশন-সংলগ্ন খয়েরতলা ট্রাস্ট ফিলিং স্টেশনের সামনে একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন ১২-৪৪৮২) তল্লাশি করে।
এ সময় পিকআপে থাকা বাসাবাড়ির আসবাবপত্রের ভেতরে লুকিয়ে রাখা ৪৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ফরিদুল ও দুলালকে আটক করা হয়।
যশোর ডিবি পুলিশের এসআই আবু হাসান জানান, পিকআপে থাকা খাটের নিচে গাঁজাগুলো পাওয়া যায়। মাদক পাচারের ঘটনায় চালক জাহিদ ও হেলপার পারভেজ আপেল জড়িত নন। তারা জানতেন না আসবাবপত্রের মধ্যে গাঁজা ছিল।
তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদের জন্য তাদের হেফাজতে নেওয়া হয়েছে। পিকআপে থাকা যাত্রী ফরিদুল ও দুলাল মাদক পাচারের সঙ্গে জড়িত।

-20251222162955.webp)

