যশোর সরকারি এমএম কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রবিউল ইসলাম (২১) মারধরের শিকার হয়ে জখম হয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে কলেজের আসাদ হলের ২০৮ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
আহত রবিউল বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তিনি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে। পুলিশ ঘটনার সাথে জড়িত একজনকে আটক করেছে।
আহত রবিউল ইসলাম জানান, রাত সোয়া ৭টার দিকে তিনি আসাদ হলের ২০৮ নম্বর কক্ষে একা ছিলেন। এ সময় যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডে মিকাইলের নেতৃত্বে অজ্ঞাত একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে তাকে বেধড়ক মারধর করে। খবর পেয়ে অন্যান্য শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, আহত রবিউল ইসলাম মাথায় গুরুতর আঘাত পেয়েছে। পুরুষ সার্জারি ওয়ার্ডে তার চিকিৎসা চলমান রয়েছে।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি ফারুক আহমেদ জানান, এমএম কলেজে গোলযোগের খবর পেয়ে পুলিশের একটি টিম সেখানে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত একজনকে থানায় আনা হয়েছে। শিক্ষার্থীকে আহত করার ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন