যশোরে ১৪ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটকরা হলেন, কক্সবাজারের কুতুপালং রেজিস্টার ক্যাম্পের সকিনা আক্তার (৩০) ও শুকতারা (২০)।
বুধবার (১৪ জানুয়ারি) সদর উপজেলার রাজারহাটের বিকে সিটি হোটেল অ্যান্ড রিসোর্টের সামনে থেকে তাদের আটক করা হয়।
জানা গেছে, কক্সবাজার থেকে ইয়াবার একটি চালান যশোরে প্রবেশ করেছে বলে জানতে পারেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এরপর তাদের একটি দল রাজারহাটের বিকে সিটি হোটেলের সামনে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন ওই দুই নারীর দেহ তল্লাশি করে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক রাফিজা খাতুন বাদী হয়ে সকিনা ও শুকতারাকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপপরিচালক পারভীন আখতার জানান, ১৪ হাজার পিস ইয়াবাসহ দুই নারী রোহিঙ্গাকে আটক করা হয়। তারা কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে যশোরে এসেছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


