ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বেনাপোলে ভারতীয় ট্রাক থেকে বিপুল পরিমাণ ট্যাপেন্ডাল জব্দ

বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৫:১০ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

যশোরের বেনাপোল বন্দরের ইন্টিগ্রেটেড চেকপোস্ট এলাকায় ভারত থেকে আমদানি করা একটি পণ্যবাহী ট্রাক (ডব্লিউ-১১, উ-০৩৯৭) থেকে বিপুল পরিমাণ অবৈধ নেশাজাতীয় ভারতীয় ট্যাপেন্ডাল ট্যাবলেটসহ এক ভারতীয় ট্রাক চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ২টার সময় বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানি গেটে ভারতীয় একটি ট্রাকে তল্লাশি অভিযান চালানো হয়। এ সময় বিজিবি সদস্যরা ওই ট্রাকের ভেতর থেকে অবৈধ নেশাজাতীয় ভারতীয় ১,৬০০ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেট জব্দ করেন।

অভিযানে ভারতের নাগরিক আনার গাজী (৩৯) নামে এক ট্রাক চালককে আটক করা হয়।

আটক আনার গাজী ভারতের উত্তর ২৪ পরগণা জেলার বনগাঁ থানার মনিগ্রামের সুখপুকুর এলাকার হাজরা গাজীর ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, ‘উদ্ধারকৃত ১,৬০০ পিস অবৈধ নেশাজাতীয় ভারতীয় ট্যাপেন্ডাল ট্যাবলেটসহ আটক ভারতীয় নাগরিক আনার গাজির নামে মামলা করা হয়েছে এবং তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’