ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জাতীয় সংসদ নির্বাচন

বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী চলাচল বন্ধ

বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১২:৩৮ পিএম
বেনাপোল-পেট্রাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন। ছবি : রূপালী বাংলাদেশ

বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা বেনাপোল-পেট্রাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রী চলাচল বন্ধ থাকবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৪৭ সাল থেকে এ পথে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত শুরু হয়। ১৯৭২ সালে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত কখনোই এই চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার বন্ধ হয়নি।

ঝড়-বৃষ্টি কিংবা করোনা মহামারির সময়েও দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রী পারাপার চালু ছিল। এই প্রথম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সরকার এ ব্যবস্থা গ্রহণ করেছে বলে সংশ্লিষ্ট মহল মনে করছেন।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনকে ঘিরে কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এ কারণে স্বাধীনতার ৫৫ বছর পর প্রথমবারের মতো নির্বাচনের দিন বাংলাদেশ-ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত বন্ধ থাকবে বলে জানা গেছে।

বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ওসি এম শাখাওয়াত হোসেন জানান, এ বিষয়ে সরকারের পক্ষ থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে।

নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে কোনো যাত্রী চলাচল করতে পারবে না। তবে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৬টার পর থেকে পুনরায় দুই দেশের মধ্যে যাত্রী চলাচল স্বাভাবিক হবে।

তিনি আরও জানান, অতীতে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে মারাত্মক অসুস্থ যাত্রীদের জন্য ইমিগ্রেশন সীমিতভাবে খোলা রাখা হলেও এবার পুরোপুরিভাবে যাত্রী চলাচল বন্ধ থাকবে।

বেনাপোল বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) কাজী রতন বিষয়টি নিশ্চিত করে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার বেনাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে যাত্রী পারাপার বন্ধ রাখার নির্দেশনা-সংক্রান্ত একটি চিঠি তার দপ্তরে এসেছে।