ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

যশোরে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতা বহিষ্কার

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ১১:৫৬ এএম
যুবদলের নেতা হাফিজুর রহমান ও স্বেচ্ছাসেবক দল নেতা গোলাম রসুল। ছবি : রূপালী বাংলাদেশ

যশোর সদর উপজেলার চুড়ামনকাটিতে চুড়ামনকাটি ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি হাফিজুর রহমান এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম রসুলকে বহিষ্কার করা হয়েছে। দলের নীতি, আদর্শ ও গঠনতন্ত্রের পরিপন্থি কর্মকাণ্ডে লিপ্ত থাকার কারণে শুক্রবার (১৩ জানুয়ারি) রাতে সাংগঠনিকভাবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

যশোর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বারবার নিষেধ এবং সতর্ক করার পরও চুড়ামনকাটি ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি হাফিজুর রহমান দলের নীতি, আদর্শ ও গঠনতন্ত্রের বিরুদ্ধে কাজ করেছেন। এ পরিপ্রেক্ষিতে সংগঠনের নির্দেশ অনুযায়ী তাকে প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সদর উপজেলা যুবদল ইতোমধ্যেই এই বহিষ্কার আদেশ কার্যকর করেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের এখন থেকে হাফিজুর রহমানের সঙ্গে কোনো প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে যশোর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম এবং সদস্য সচিব রাজু আহম্মেদ স্বাক্ষরিত অনুমোদনকৃত আরেকটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চুড়ামনকাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম রসুলকেও সংগঠনের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

উভয় বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা রক্ষা এবং দলের নীতি, আদর্শ ও গঠনতন্ত্রের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।