ইন্দোনেশিয়া থেকে কয়লা আমদানির জন্য এলসি খোলার নাম করে ১০ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে ফারজানা ইয়াসমিন নিলা নামে এক নারীকে ভুক্তভোগী ব্যবসায়ীরা সংবাদ সম্মেলনে আক্রমণ করেছেন।
তারা নিলার বিরুদ্ধে টাকা ফেরত ও দ্রুত বিচার দাবি করেছেন। নিলা বর্তমানে যশোর কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মেসার্স এ টু জেড ট্রেডিং-এর স্বত্বাধিকারী মোহাম্মদ আনিসুর রহমান খান জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর ব্যবসায়িক অচলাবস্থার সুযোগ নিয়ে নিলা তাদের ব্রড কান্ট্রি এলসি খোলার প্রস্তাব দেন।
পরে যশোরের ৯ জন ব্যবসায়ী ৩০ শতাংশ মার্জিনের শর্তে মোট ১০ কোটি ৯ লাখ ১২ হাজার ৫০০ টাকা নিলার অ্যাকাউন্টে প্রদান করেন। কিন্তু টাকা নেওয়ার পর নিলা দিনের পর দিন সময়ক্ষেপণ করেন।
তিনি জানান, নিলা তাদের একটি ভুয়া এলসি কপি এবং পরে ৫০ লাখ টাকার জাল বিএফটিএন ও একটি ভুয়া এফডিআর কপি দিয়ে প্রতারণা চালান।
এ ছাড়া নিলা নিজেকে প্রভাবশালী রাজনৈতিক মহলের ঘনিষ্ঠ বলে পরিচয় দিতেন। তার বিরুদ্ধে আগে অবৈধ ভিওআইপি ব্যবসা, মানব পাচার ও নথি জালিয়াতির অভিযোগও রয়েছে।
প্রথমে গুলশান থানায় মামলা করা হলেও নিলা জামিনে বের হন। পরে হাইকোর্ট থেকে ‘স্টে অর্ডার’ নিয়ে টাকা ফেরত না দেওয়ার চেষ্টা করেন। বর্তমানে যশোর পুলিশের সহায়তায় পুনরায় গ্রেপ্তার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ব্যবসায়ীরা প্রশাসনের কাছে নিলাকে জামিন না দেওয়ার ও দ্রুত টাকা ফেরতের দাবি জানান। তারা বলেন, প্রতারক চক্রের কারণে অনেক পরিবার দেউলিয়া হওয়ার পথে।
সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নুর আলম বাবু, মাহমুদ হাসান লিপু, মোহাম্মদ কামরুজ্জামান, জিয়া বিশ্বাস ও মোহাম্মদ নুরুজ্জামান উপস্থিত ছিলেন। নিলার মেয়ে নন্দিতা মেহজাবিন সাংবাদিকদের জানান, বিষয়টি আদালতে বিচারাধীন হওয়ায় তিনি মন্তব্য করতে পারছেন না।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন