ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ব্যবসায়ীকে জখম করে টাকা ছিনতাই

যশোর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ০৯:৫৫ পিএম
আহত আশিক হোসেন। ছবি : রূপালী বাংলাদেশ

যশোরে আশিক হোসেন (২৭) নামে এক মোটরপার্টস ব্যবসায়ীকে অপহরণের পর জখম করে দুই লক্ষাধিক টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। 

রোববার (১ মার্চ) দুপুরে যশোর কমার্শিয়াল কলেজের সামনে থেকে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে।

আহত আশিক হোসেন বকচর হুশতলা এলাকার রাজু শেখের ছেলে। যশোর শহরের আর এন রোডে তার মোটরপার্টসের দোকান রয়েছে। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

রোববার দুপুর আড়াইটার দিকে কমার্শিয়াল কলেজের সামনে থেকে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে কেন্দ্রীয় কারাগারের পিছনে নিয়ে যায়। সেখানে তাকে বেধড়ক মারধর করে জখম করা হয় এবং কাছে থাকা ২ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে তারা তাকে ফেলে রেখে চলে যায়।

পরিবারের লোকজন আহত আশিককে উদ্ধার করে বিকেল সাড়ে ৫টায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানিয়েছেন, আহত আশিকের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। পুরুষ সার্জারি ওয়ার্ডে তার চিকিৎসা চলছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি ফারুক আহমেদ বলেন, ব্যবসায়ীকে জখম করে ছিনতাইয়ের ঘটনাটি আমাদের জানা গেছে।

পুলিশ সদস্যরা হাসপাতালে গিয়ে তার সঙ্গে কথা বলেছেন। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।