বেনাপোল স্থলবন্দরে ঘোষণা বহির্ভূত ও আমদানি নিষিদ্ধ প্রায় কোটি টাকা মূল্যের ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) বেনাপোল বন্দরের ১৫ নং শেডে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এর তথ্যের ভিত্তিতে উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব পাট বীজ আটক করেন। এ সময় বেনাপোল কাস্টম হাউসের সহকারি কমিশনার রাহাত হোসেন উপস্থিত ছিলেন।
বেনাপোল স্থলবন্দর উদ্ভিদ সংরক্ষণ কেন্দ্রের উপপরিচালক আবু তালহা জানান, রোববার বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানিকারক প্রতিষ্ঠান আরাফাত এন্টারপ্রাইজ ভারত থেকে ৪৫ মেট্রিক টন ঘাস বিজ উল্লেখ করে পাটের বীজ আমদানি করেন।
পরে গোপন সংবাদের ভিত্তিতে চালানটিতে অভিযান চালিয়ে ১৭ টন পাট বীজ আটক করা হয়। মিথ্যা ঘোষণার অপরাধে অভিযুক্ত আমদানিকারকের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে সচেতনরা জানান, পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই নিম্নমানের বীজ দেশে প্রবেশ করায় কৃষি খাত ঝুঁকির মধ্যে পড়ে। এতে সরকারও রাজস্ব হারাচ্ছে। তারা দূনীতিবাজ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


