ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

যশোরে ট্রাকের ধাক্কায় কলেজ শিক্ষকের মৃত্যু

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ০২:৪৫ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

যশোরে মোটরসাইকেলে করে নিজ গ্রামের বাড়িতে ফেরার পথে অজ্ঞাতনামা একটি ট্রাকের ধাক্কায় মকবুল হোসেন (৪৫) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে যশোর সদর উপজেলার আমবটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মকবুল হোসেন চৌগাছা উপজেলার পাশাপোল কলেজের শিক্ষক ছিলেন। তিনি একই উপজেলার সৈয়দপুর গ্রামের মৃত শামসুর রহমানের ছেলে।


 
যশোর কোতোয়ালি থানার ওসি মো. মাসুম খান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মকবুল হোসেন মোটরসাইকেলে করে যশোর থেকে নিজ গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথে আমবটতলা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা অজ্ঞাতনামা একটি ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর জখম হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
 
তিনি আরও জানান, বর্তমানে নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।