অবৈধভাবে ভোজ্য তেল মজুদ করায় যশোর শহরের নীলগঞ্জ এলাকার মেসার্স নওয়াব মিলসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাব-৬ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এ সময় মিলটিতে ৪৩ হাজার ৬৫৬ লিটার সয়াবিন, পাম ও সুপার তেল মজুদের প্রমাণ মেলে, যার বাজারমূল্য ৮০ লাখ ৯৪ হাজার ৭২০ টাকা।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, তেল মজুদের পাশাপাশি নওয়াব মিলসে ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ না করা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার প্রমাণও পাওয়া গেছে। এসব অপরাধে মিলের মালিক হাসিব ইমামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সঙ্গে মজুদ করা ১৭ হাজার ১৩৬ লিটার সয়াবিন তেল, ১৮ হাজার ৩৬০ লিটার পাম অয়েল ও ৪ হাজার ১৬০ লিটার সুপার তেল দ্রুত বাজারে বিক্রির নির্দেশ দিয়ে মালিকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
র্যাব-৬ যশোরের অধিনায়ক মেজর ফজলে রাব্বি এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান এ অভিযানে নেতৃত্ব দেন। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


