নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন বলেছেন, শহীদ শরিফ ওসমান হাদি এখন শুধু বাংলাদেশের নয়, সারা পৃথিবীতেই তার নাম ছড়িয়ে পড়েছে। জুলাই বিপ্লবে তার ভূমিকা এ জাতি আজীবন স্মরণ রাখবে। হাদির আশা ছিল, এ দেশের রাজনীতি হবে পরিষ্কার-পরিচ্ছন্ন। আমরাও চাই দেশে পরিষ্কার রাজনীতির ধারা ফিরে আসুক। ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারা জুলাই বিপ্লবের চেতনা থেকে শিক্ষা নিয়ে জনগণের হয়ে দেশের জন্য সততার সঙ্গে কাজ করবে। যদি তা না হয়, এই শহীদদের আত্মা আমাদের কাউকেই ক্ষমা করবে না।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে ঝালকাঠির নলছিটি শহীদ ওসমান হাদি লঞ্চঘাট উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, তার মন্ত্রণালয়ের অধীনে থাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র (ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী) শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে নলছিটি লঞ্চঘাটের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে ‘শহীদ শরিফ ওসমান হাদি লঞ্চঘাট’। এর আগে তিনি শহীদ শরিফ ওসমান হাদির ছোট বোন মাসুমা হাদি ও ভগ্নিপতি আমির হোসেনের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন।
এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. রফিকুল করিম, ঝালকাঠি জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, বরিশাল বিআইডব্লিউটিএ-এর পরিচালক মো. আমজাদ হোসেন, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জোবায়ের হাবিব, নলছিটি থানার ওসি আরিফুল আলমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে নলছিটির কৃতী সন্তান শহীদ শরিফ ওসমান হাদির নামে স্থানীয় (সাবেক নলছিটি লঞ্চঘাট) লঞ্চঘাটের নামকরণের সিদ্ধান্তে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অত্যন্ত খুশি। তাদের মতে, নলছিটির ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এতে তরুণ প্রজন্ম ন্যায়বোধ, প্রতিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে নাগরিক অধিকার প্রতিষ্ঠায় আরও সচেতন হবে বলে তারা আশা করেন। ওসমান হাদির শাহাদাতের পর জন্মভূমিতে তার নামে একটি গুরুত্বপূর্ণ স্থাপনার নামকরণকে নলছিটির মানুষ দেখছেন প্রতিবাদী রাজনীতির প্রতি সম্মান ও ইতিহাসের স্মারক হিসেবে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন