ঝিনাইদহে নবগঙ্গা নদীতে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে তিন দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) সকালে নবগঙ্গা নদীর ক্যাসেল ব্রিজ এলাকায় এ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্রনাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাইফুর রহমান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (আইসিটি শাখা) নির্মল কান্তি তালুকদার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রঞ্জন কুমার দাস, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মুন্তাছির রহমানসহ জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, সোমবার (১৯ জানুয়ারি) থেকে শুরু হয়ে বুধবার (২১ জানুয়ারি) পর্যন্ত এ পরিচ্ছন্নতা অভিযান চলবে। নবগঙ্গা নদী ঝিনাইদহ সদর ও হরিণাকুণ্ডু উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। নদীটির উৎপত্তি মাথাভাঙ্গা নদী থেকে।
নবগঙ্গা নদী ঝিনাইদহ জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে শেষ পর্যন্ত মাগুরায় কুমার নদী ও নড়াইলে চিত্রা নদীতে মিলিত হয়েছে। ঝিনাইদহ জেলায় নবগঙ্গা নদীর মোট দৈর্ঘ্য ৬৭.৫৫৭ কিলোমিটার।
জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ বলেন, নদীর পরিবেশগত গুরুত্ব অপরিসীম। একটি ভূমির মোট ২৫ শতাংশ পানির প্রয়োজনীয়তা রয়েছে। মানবদেহে যেমন শিরা-উপশিরা প্রয়োজন, তেমনি প্রকৃতির ভারসাম্য রক্ষায় নদীগুলোকে বাঁচিয়ে রাখা জরুরি।


