ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সড়কে শৃঙ্খলা ফেরাতে অভিযান, ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ০৮:৪৬ এএম
ছবি : রূপালী বাংলাদেশ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় রয়েড়া বাজারে সোমবার (২৬ জানুয়ারি) ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানটির উদ্দেশ্য ছিল সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ফিটনেসবিহীন যানবাহনের চলাচল বন্ধ করা।

অভিযানে নেতৃত্ব দেন শৈলকুপার সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারী। হেলমেট ও বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে বেশ কয়েকজন চালককে জরিমানা করা হয়। একই সঙ্গে ফিটনেসবিহীন ও কাগজপত্রহীন যানবাহনের বিরুদ্ধে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানকালে সহকারী কমিশনার দেবাশীষ অধিকারী বলেন, সড়কে দুর্ঘটনা রোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের অভিযান চালানো হবে।

তিনি সব চালককে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান এবং বৈধ কাগজপত্র ছাড়া যানবাহন চালানো থেকে বিরত থাকার অনুরোধ করেন।

স্থানীয়রা জানান, এ ধরনের অভিযান সড়কে শৃঙ্খলা ফেরাতে কার্যকর ভূমিকা রাখবে।