ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কপোতাক্ষ থেকে অবৈধ মাটি উত্তোলন

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১০:১২ এএম
কপোতাক্ষ নদের পাড় থেকে অবৈধভাবে মাটি উত্তোলন। ছবি : রূপালী বাংলাদেশ

ঝিনাইদহের মহেশপুরে কপোতাক্ষ নদের পাড় থেকে অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রির অভিযোগে সাদ্দাম হোসেন (৩০) নামের এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত সাদ্দাম হোসেন উপজেলার কৃষ্ণচন্দ্রপুর গ্রামের শরীফ হোসেনের ছেলে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার খালিশপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। অভিযানের সময় দুই ট্রাকভর্তি মাটি জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কপোতাক্ষ নদের পাড় থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪(গ) ধারায় জরিমানা করেন। জরিমানার অর্থ, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়ার আদেশ দেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ বলেন, নদের পাড় থেকে অবৈধভাবে মাটি উত্তোলন পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহের জন্য হুমকি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।