ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শৈলকুপা-ঢাকা এস.বি বাস সার্ভিসে যাত্রীদের ভোগান্তির অভিযোগ

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ০৮:৫৫ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

শৈলকুপা থেকে ঢাকাগামী এস.বি সুপার ডিলাক্স বাস সার্ভিসে যাত্রীদের ভোগান্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। চলমান গাড়ি পরিচালনায় অনভিজ্ঞ ও অপরিচিত ড্রাইভার, বারবার পথিমধ্যে চালক পরিবর্তন, যাত্রীদের সঙ্গে স্টাফদের দুর্ব্যবহার এবং লোকাল যাত্রী ওঠানোর কারণে ব্যাপক সমস্যা সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ঢাকা থেকে শৈলকুপা পর্যন্ত যাত্রা স্বাভাবিকভাবে সর্বোচ্চ চার ঘণ্টা সময় লাগার কথা থাকলেও বর্তমানে গড়ে আট থেকে নয় ঘণ্টা সময় লাগছে। বিশেষ করে কুষ্টিয়ায় যাত্রী নামিয়ে অন্য গাড়িতে তুলে দেওয়ার ঘটনা নিয়মিত অভিযোগে পরিণত হয়েছে।

যাত্রীরা অভিযোগ করেন, কুষ্টিয়া থেকে অনেক সময় হেল্পার ছাড়া ড্রাইভার এক ধরনের ঝুঁকির মধ্যে গাড়ি চালিয়ে ঢাকার পথে আসেন। এ বিষয়ে গাড়ির কন্ট্রাক্টর তৈহিদ ও ড্রাইভার রাজীবের সঙ্গে কথা বললে তারা বিষয়টি স্বাভাবিক বলে উল্লেখ করেন।

স্থানীয় যাত্রী ও ভুক্তভোগীরা আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে, যাতে যাত্রীরা নিরাপদে ও নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেন।