ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সেনাবাহিনী-পুলিশের তত্ত্বাবধানে সুশৃঙ্খলভাবে তেল বিক্রি শুরু

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ০১:৫২ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার লাঙ্গলবাধ ফিলিং স্টেশনে সেনাবাহিনী ও শৈলকুপা থানা পুলিশের যৌথ তত্ত্বাবধানে সুশৃঙ্খলভাবে জ্বালানি তেল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯টা থেকে এ কার্যক্রম চালু হয়।

সরেজমিনে দেখা যায়, ফিলিং স্টেশন এলাকায় ক্রেতাদের দীর্ঘ লাইন থাকলেও কোথাও বিশৃঙ্খলা বা ভোগান্তির চিত্র দেখা যায়নি। সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতে পুরো কার্যক্রম ছিল নিয়ন্ত্রিত ও শৃঙ্খলাপূর্ণ। এতে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে পর্যাপ্ত পরিমাণে তেলের মজুত রয়েছে। যতক্ষণ পর্যন্ত ক্রেতা থাকবে, ততক্ষণ নিরবচ্ছিন্নভাবে তেল সরবরাহ করা হবে। কোনো ধরনের সংকট নেই বলেও তারা আশ্বস্ত করেছেন।

স্থানীয়রা জানান, সম্প্রতি তেল সংকট নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছিল, সেনাবাহিনী ও প্রশাসনের এই উদ্যোগে তা অনেকটাই কেটে গেছে। তারা আশা করছেন, এ ধরনের ব্যবস্থাপনা অব্যাহত থাকলে ভবিষ্যতেও ভোগান্তি এড়ানো সম্ভব হবে।