ঝিনাইদহের শৈলকুপায় নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীদের ‘গোপন সভা’ চলাকালে নারীসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। এ সময় আরও ১৫ থেকে ২০ জন পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১২ মে) রাত ১০টার দিকে শৈলকুপা পৌরসভার কলাহাট সংলগ্ন বন্ধুবাড়ী রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ছোট মৌকুড়ী গ্রামের মাহমুদা খাতুন (৩৪), দেবতলা গ্রামের মাসুদ আলী (৩৫), সাতবিলা কুলচারা গ্রামের রাকিবুল ইসলাম আশিক (২১), ভাটই গ্রামের সিমান্ত বিশ্বাস সজল (২০), দেবতলা গ্রামের জাহিদ মন্ডল (৪৬) এবং মহেশপুর উপজেলার যোগীহুদা গ্রামের দেলোয়ার হোসেন (৪৩) কে।
পুলিশ সূত্রে জানা যায়, ঝিনাইদহ জেলার পুলিশ সুপার মো. মাহফুজ আফজালের দিকনির্দেশনায় এবং শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আখতারুজ্জামানের সহযোগিতায় শৈলকুপা থানার ওসি মো. হুমায়ূন কবির মোল্লার নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ১২ মে রাত সাড়ে ১০টার দিকে শৈলকুপা পৌরসভার কলাহাট সংলগ্ন বন্ধুবাড়ী রেস্টুরেন্টের তৃতীয় তলায় অভিযান চালায় পুলিশ। এ সময় অভিযোগ ওঠে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্যরা বাংলাদেশের অখণ্ডতা ও জননিরাপত্তা বিঘ্নিত করা, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং সংগঠনের কার্যক্রম গতিশীল করার উদ্দেশ্যে সেখানে গোপন সভা করছিল। সেখান থেকে ৬ জনকে আটক করা হয়।
এ সময় হাবিবপুর গ্রামের সিজান ওরফে সেজান (৩৩) সহ অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জন পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে শৈলকুপা থানায় সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ এর ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের ১৩ মে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন