জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নের নান্দাইল দিঘী লকরপাড়া গ্রামে এক বিধবা নারীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (১৭ ডিসেম্বর) রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী বিধবা শাহানা বেগমের বাড়িতে ১০-১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল প্রবেশ করে। ডাকাতরা ঘরে ঢুকে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুটে নেয়।
এ সময় বাধা দিলে তারা শাহানা বেগমকে এলোপাতাড়ি মারধর ও ছুরিকাঘাত করে গুরুতর আহত করে বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগীর দাবি, ডাকাতরা নগদ প্রায় ৭ লাখ টাকা এবং ৬ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে। ঘটনার সময় কয়েকজন ডাকাতকে চিনতে পেরেছেন বলে জানিয়েছেন শাহানা বেগম। এ ঘটনায় তিনি হেলাল, ফজলু ও বাদশা নামে কয়েকজনের নাম উল্লেখ করেছেন।
ডাকাতির পর গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা শাহানা বেগমকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
কালাই থানার ওসি (তদন্ত) দীপেন্দ্রনাথ সিং এ বিষয়ে বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ গ্রহণ করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলমান।


