× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৬, ০৫:১৮ পিএম

আক্কেলপুরে গরু চোরের তাণ্ডব, প্রবাসীর খামার ফাঁকা

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৬, ০৫:১৮ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় এক প্রবাসীর বাড়ি থেকে পাঁচটি গরু চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের সুসৃষ্টি গ্রামে সৌদি প্রবাসী মোহসিন আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবাসী মোহসিন আলীর বাড়িতে তার স্ত্রী আটটি গরু লালন-পালন করতেন। দুই সপ্তাহ আগে তিনটি গরু হাটে বিক্রি করা হয়।

সোমবার দিনের বেলায় গোয়ালঘরে একটি ষাঁড় ও চারটি বকনা গরু বেঁধে রাখা ছিল। পরদিন খাওয়ানোর জন্য আগেই ঘাস কিনে এনে রাখা হয়। তবে মঙ্গলবার ভোরে পরিবারের সদস্যরা দেখতে পান, গোয়ালঘরে ঘাস থাকলেও একটি গরুও নেই।

স্থানীয়দের ধারণা, চোরেরা পরিকল্পিতভাবে বাড়ির প্রাচীর টপকে ভেতরে ঢোকে। পরে মূল ফটকের তালা কেটে গোয়ালঘরে প্রবেশ করে গরুগুলো নিয়ে যায়। এ সময় পরিবারের সদস্যদের আটকে রাখতে ঘরের দরজায় বাইরে থেকে শিকল লাগিয়ে দেওয়া হয়।

প্রবাসী মোহসিন আলীর মা মনোয়ারা বেগম রূপালী বাংলাদেশকে বলেন, চুরি যাওয়া পাঁচটি গরুর দাম প্রায় চার লাখ টাকা। বাড়িতে আমার বউমা ও নাতি-নাতনিরা থাকে। সোমবার রাতে তারা খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়ে।

মঙ্গলবার ভোরে বউমা দরজা খুলতে গিয়ে দেখে বাইরে থেকে শিকল দেওয়া। বাড়ির মূল ফটকও খোলা ছিল। পরে জানালা দিয়ে ডাকাডাকি করলে প্রতিবেশীরা এসে দরজা খুলে দেন। বাইরে এসে দেখি, গোয়ালঘরে একটিও গরু নেই।

তিনি আরও বলেন, থানায় খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাড়ির লোকজন এখন গরুগুলো খুঁজতে বের হয়েছেন।

প্রতিবেশী সানোয়ার হোসেন বলেন, এলাকায় মাঝেমধ্যেই গরু চুরির ঘটনা ঘটছে। দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি এমন ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

আক্কেলপুর থানার ওসি শাহীন রেজা ‘রূপালী বাংলাদেশ’কে বলেন, খবর পেয়ে মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবারের সদস্যরা গরু খুঁজতে বাইরে গেছেন। এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা হয়নি।

রূপালী বাংলাদেশ

Link copied!