ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর শিক্ষা ও চিকিৎসা সহায়তা

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ০২:১৭ পিএম
সহায়তা প্রদান করেন মাটিরাঙ্গা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ খান, পিএসসি। ছবি : রূপালী বাংলাদেশ

পাহাড়ে সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির অধীনে মান‌বিক সহায়তা কর্মসূচির আওতায় স্থানীয় দুস্থ পাহাড়ি-বাঙালি জনসাধারণের মাঝে শিক্ষাসামগ্রী, ক্রীড়াসামগ্রী ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন। 

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা জোনের অধীন দুর্গম সাপমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এসব সহায়তা প্রদান করেন মাটিরাঙ্গা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ খান, পিএসসি।

বিশেষ মানবিক সহায়তার অংশ হিসেবে শ্রীশ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে একটি হারমোনিয়াম এবং রাধাকৃষ্ণ মন্দিরে এক সেট সাউন্ড সিস্টেম, সাপমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগসহ বিভিন্ন খেলার সামগ্রী বিতরণ করা হয়। একই সময়ে এলাকার কার্বারি ও ভিডিপি সদস্যদের আর্থিক সহায়তা এবং শীতার্ত ও অসহায় ৫০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ খান, পিএসসি।

একই দিন সাপমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে চিকিৎসাবঞ্চিত জনসাধারণের মাঝে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়। দিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইনে দুই শতাধিক গরিব ও দুস্থ জনসাধারণকে স্বাস্থ্যসেবা এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

মানবিক সহায়তা কর্মসূচির মাধ্যমে স্থানীয় জনগণের সঙ্গে সেনাবাহিনীর পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও আস্থার বন্ধন আরও সুদৃঢ় হয়েছে মন্তব্য করে মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ খান বলেন, শা‌ন্তি-সম্প্রী‌তি ও উন্নয়নের ধারাবা‌হিকতা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী আগামীতেও স্থানীয় দুস্থ পাহাড়ি-বাঙালি জনসাধারণের পাশে থাকবে। 

এদিকে সেনাবাহিনীর এমন মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করেছেন উপকারভোগীরা। সেনাবাহিনীর মানবিকতার প্রশংসা করে উপকারভোগীরা বলেন, সেনাবাহিনীর কল্যাণে এখানকার গরিব ও অসহায় মানুষ মানবিক সাহায্যের পাশাপাশি বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়েছে।