ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে খাগড়াছড়ি, চট্টগ্রাম ও রাঙামাটির ৩৩টি উপজেলায় নির্বাচনি দায়িত্ব পালন করবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি নির্বাচনি দায়িত্বে বিশেষায়িত K-9 ডগ স্কোয়াড ও আরসিভি ইউনিটও মোতায়েন থাকবে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে বিজিবির চট্টগ্রাম দক্ষিণ-পূর্ব রিজিয়নের গুইমারা সেক্টরের অধীনে খেদাছড়া ব্যাটালিয়নের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মুহাঃ শাহীনুল ইসলাম।
তিনি জানান, নির্বাচনি দায়িত্ব পালন ছাড়াও সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান দমন কার্যক্রম জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, বিগত ৩ মাসে চট্টগ্রাম রিজিয়নের আভিযানিক কার্যক্রমে ৫ কোটি টাকার অধিক মূল্যের চোরাচালানি মালামাল ও মাদকসহ দুজনকে আটক করা হয়েছে। এ ছাড়াও একটি ১২ বোর পিস্তল, ২ রাউন্ড তাজা অ্যামোনিশন ও তিনটি হাঁসুয়াসহ ৪৩২টি গরু ও ১৮টি ছাগল চোরাচালান আটক করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে মানবিক কার্যক্রমের অংশ হিসেবে ১৩ হাজার ৮৯৮ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আর্থিক অনুদান, গৃহনির্মাণ সামগ্রী বিতরণ, কর্মসংস্থান সৃষ্টি, মেডিকেল ক্যাম্প, শিক্ষা সহায়তা, কৃষি উপকরণ ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অপস্ অফিসার মেজর মো. জাহিন আবদুল্লাহসহ ৪০ বিজিবির অন্যান্য সদস্যরা।
বিজিবি সূত্রে জানা গেছে, নির্বাচনের সময় সীমান্ত ও অভ্যন্তরীণ এলাকায় জোরদার নজরদারি চালানো হবে এবং শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করার জন্য বিশেষ প্রস্তুতি নেওয়া হচ্ছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন