খাগড়াছড়ি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়ার পক্ষে ধানের শীষে ভোট চেয়ে মাটিরাঙ্গায় একাধিক নির্বাচনী সভা ও পথসভা করেছেন তার সহধর্মিণী এবং খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) গোমতি, তাইন্দং, তবলছড়ি ও বড়নাল এলাকায় মাটিরাঙ্গা উপজেলা মহিলা দলের আয়োজনে পৃথক নির্বাচনী পথসভায় অংশ নিয়ে ভোট প্রার্থনা করেন তিনি।
পথসভাগুলোতে জাকিয়া জিনাত বিথী বলেন, ওয়াদুদ ভুইয়া নির্বাচিত হলে পাহাড়ি এলাকায় উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে। দীর্ঘ ১৭ বছর জেল-জুলুম ও নির্যাতনের শিকার হলেও তিনি কখনও নেতাকর্মী ও সাধারণ মানুষকে ছেড়ে যাননি।
তিনি আরও বলেন, খাগড়াছড়িতে ওয়াদুদ ভুইয়ার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। তার নেতৃত্বে সব সম্প্রদায়ের সমঅধিকার নিশ্চিত হবে, ঘুষ ছাড়া মেধাবীদের চাকরির সুযোগ তৈরি হবে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে।
পথসভাগুলোতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি মরিয়ম আক্তার মনি এবং সাংগঠনিক সম্পাদক তাহমিনা সিরাজ সীমা।
এ সময় মাটিরাঙ্গা উপজেলা মহিলা দলের সভাপতি মাজেদা আক্তার, সিনিয়র সহ-সভাপতি অজিফা সিরাজ, মহিলা দল নেত্রী নুরজাহান বেগমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নির্বাচনী পথসভার পাশাপাশি জাকিয়া জিনাত বিথী ওয়াদুদ ভুইয়ার পক্ষে ধানের শীষে ভোট চেয়ে বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগ করেন। গণসংযোগকালে নারীদের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তাদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন