ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬

খাগড়াছড়িতে বজ্রপাতে একজনের মৃত্যু

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ০৮:০৯ এএম
প্রতীকী ছবি ।

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় বজ্রপাতে গহন কুমার ত্রিপুরা (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

রোববার (২৯ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির সময় এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার সাইংগুলি পাড়ার বাসিন্দা গহন কুমার ত্রিপুরা ঝড়ের সময় নিজ বাড়ির রান্নাঘরে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গুইমারা থানার (ওসি) সোহরাওয়ার্দী।

হাফছড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংগ্যজাই মারমা জানান, নিহতের মরদেহ সৎকারে সহায়তার জন্য উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

ঝড়বৃষ্টির পর থেকে গুইমারা ও রামগড়সহ আশপাশের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।