মোংলা বন্দর কর্তৃপক্ষের (এমপিএ) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা। রোববার (৭ জুন) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
তিনি পূর্বতন চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমানের স্থলাভিষিক্ত হন। এ উপলক্ষে মোংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমডোর মো. শফিকুল ইসলাম সরকারের কাছ থেকে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণের মাধ্যমে তিনি নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
এর আগে রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
দায়িত্ব গ্রহণের পর মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য, বিভাগীয় প্রধান, ৯ম গ্রেড ও তদূর্ধ্ব কর্মকর্তা, অফিসার্স অ্যাসোসিয়েশন এবং সিবিএর অ্যাডহক কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। সভায় বন্দরের চলমান ও অসমাপ্ত প্রকল্প, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং বিভিন্ন কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করা হয়।
নবনিযুক্ত চেয়ারম্যান বন্দরের সার্বিক উন্নয়নের লক্ষ্যে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন এবং ধর্মীয় অনুশাসন মেনে দলগতভাবে কাজ করার আহ্বান জানান।
রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা বলেন, প্রশাসনিক জটিলতা কমানো গেলে বন্দরের অপারেশনাল কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি বন্দরের আয় বৃদ্ধি ও ব্যয় সংকোচনের বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি। বন্দরের উন্নয়নের স্বার্থে বন্দর ব্যবহারকারীদের সঙ্গে দ্রুত আলোচনা সভা আয়োজনেরও অভিমত ব্যক্ত করেন।
রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা ১৯৯০ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন এবং ১৯৯২ সালে নির্বাহী শাখায় কমিশন লাভ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে ডিস্টিংশনসহ স্নাতক এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে মিলিটারি স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
তিনি ডিএসসিএন্ডএসসি, মিরপুর; ন্যাশনাল ডিফেন্স কলেজ, মিরপুর এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ, নাইজেরিয়ার প্রাক্তন শিক্ষার্থী। তিন দশকেরও বেশি সময়ের কর্মজীবনে তিনি বিভিন্ন কমান্ড, প্রশিক্ষক ও স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বাংলাদেশ নৌবাহিনীর দুটি ফ্রিগেট—বানৌজা ওমর ফারুক ও বানৌজা সমুদ্র জয়ের ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন ছাড়াও তিনি বানৌজা দুর্জয়ের কমিশনিং ক্যাপ্টেন এবং বানৌজা ওমর ফারুকের ডিকমিশনিং ক্যাপ্টেন ছিলেন। এছাড়া বানৌজা ফরিদ, তিস্তা, মেঘনা, এলপিসি বানৌজা দুর্জয়, ওপিভি বানৌজা এসআর আমিন এবং নৌঘাঁটি বানৌজা হাজী মহসিনের ক্যাপ্টেন হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

