কিশোরগঞ্জের তাড়াইলে দেশি অস্ত্র-গুলিসহ এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী। শনিবার (২৪ জানুয়ারি) গভীর রাতে করিমগঞ্জ সেনাক্যাম্প থেকে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।
জানা যায়, শনিবার রাত ২টা ৪০ মিনিটের দিকে করিমগঞ্জ সেনাক্যাম্পের নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাড়াইল উপজেলার দিগদাইড় ইউনিয়নের শেরুয়াকান্দা গ্রাম থেকে বিপুল পরিমাণ দেশি অস্ত্র উদ্ধার করে। এ সময় ফারুক (২৬) নামের এক যুবককে আটক করা হয়। আটক ফারুক শেরুয়াকান্দা গ্রামের রাশিদের ছেলে।
অভিযানকালে তার কাছ থেকে দুই রাউন্ড গুলি, স্থানীয়ভাবে তৈরি দুটি পাইপগান, দুটি রামদা, ১২টি ছুরি, তিনটি চাপাতি, একটি হকিস্টিক ও একটি বল্লম উদ্ধার করা হয়।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে করিমগঞ্জ সেনাক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পরে ঘটনাস্থল তাড়াইল থানার আওতাধীন হওয়ায় শনিবার সকালে ধৃত ফারুককে তাড়াইল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে তাড়াইল থানার ওসি জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
স্থানীয়দের মতে, এই অভিযানের ফলে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসবে।


